সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুপাশে গড়ে উঠা পাকা-আধাপাকা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার পর থেকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ অধিদফতর। বিজয় দিবসে জনসাধারণের চলাফেরা নির্বিঘ্ন করতে এই অভিযান চালানো হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘদিন যাবত গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। তাই এসব স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান আগামীকালও চলবে। বিশেষ করে ১৬ ডিসেম্বরে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে আগে থেকেই এই অভিযান পরিচালিত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এর আগেও বেশ কয়েকবার গেন্ডা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদের পরপরই একটি অসাধু চক্র আবারো সেখানে অবৈধ স্থাপনা গড়ে তুলে। এবার সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মহাসড়কের জায়গা উদ্ধারের জন্যই এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় কেউ যেন নতুন করে স্থাপনা না গড়ে তুলতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।’ উচ্ছেদ অভিযানের প্রথম দিনে প্রায় এক হাজার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।








