লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম, নতুন সভাপতি পদপ্রার্থী রফিকুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চার-পাঁচশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে ওই মামলা হয় বলে নিশ্চিত করেছেন মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি সমাবেশ ও পুলিশের ওপর হামলার ঘটনায় এই মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
সভাপতি পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘আমি নিজেও আহত হয়েছি, অথচ আমাকেও আসামি করা হয়েছে। হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।’
শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল হাসেম মামলার বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করতে রাজি হননি।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, ‘সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সোজা পথে চলতে হবে। কোনও দলবাজি সহ্য করা হবে না।’
উল্লেখ্য, সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশের এসআই ও দুজন কনস্টেবলসহ অন্তত ৩০ জন আহত হন। শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম এবং সভাপতি পদপ্রার্থী রফিকুল ইসলামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে হামলার শিকার হন।
আরও পড়ুন...
ইউনিয়ন আ. লীগের সম্মেলনে সংঘর্ষে এসআইসহ আহত ৩০








