নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাচঁপুর হাইওয়ে পুলিশের (ওসি) মোজাফ্ফর হোসেন।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে মহাসড়কের গোলাকান্দাইল সাওঘাট এলাকায় একটি ট্রাক থামিয়ে ট্রাকের হেলপার চাকা চেক করছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিফাত (২০) ও প্রাইভেটকারের চালক রিপন (৩০) নিহত হন।
রিপনের বাড়ি কিশোরগঞ্জের ভৈবর উপজেলায়। রিফাতের বাড়ি নরসিংদির কান্দাইল এলাকায়। ওসি জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








