বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে কলেজের অস্থায়ী বিজয়স্তম্ভের বেদিতে জুতা পায়ে ওঠায় হামলার শিকার উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে থানায় মামলা করেন তিনি। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় উলিপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল হক মানিক, মনা মোল্লা ও সবুজ নামে তিনজনসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। ওসি বলেন, ‘উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর হামলা ও তার অফিস কক্ষ ভাঙচুরের অভিযোগে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কলেজের অস্থায়ী বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় জুতা পায়ে বেদিতে ওঠেন অধ্যক্ষ আবু তাহের। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজ প্রাঙ্গণে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অধ্যক্ষের দাবি, তিনি ভুলবশত জুতা পায়ে বিজয়স্তম্ভের বেদিতে উঠেছিলেন।








