মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় এক নলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিক (৩০) ও মোহাম্মদ শাহাজান (৩৬)।
এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে সীমান্ত পার হচ্ছে বলে খবর পাওয়া যায়। পাচারকারীরা নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে টহলরত বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে। এসময় ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনাস্থলে ওই দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ‘দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’








