কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাত ঘরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলো- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাত ঘরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল গফুর (৩০) ও একই এলাকার মো. আলীর ছেলে মো. রবি আলম (৩০)।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধা পৌনে ৬টার দিকে ২-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুল গফুরের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুদের খবর যায় বিজিবি। এরপর অভিযানে যেয়ে বাড়ি তল্লাশিকালে দুজন ব্যক্তিকে খাটের ওপর বসে থাকতে দেখে সন্দেহ হয়। তখন খাটের নিচে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো থেকে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। ইয়াবা ও অস্ত্রসহ আটক মাদক কারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।
তিনি আরও জানান, আটক মাদক কারবারিরা ইয়াবা পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তারা দীঘদিন ধরে এই ব্যবসা করে আসছেন। তবে আটক রবি আলম গত ২৫ জুন ২২৮ পিস ইয়াবাসহ বিজিবির হাতে আটক হয়েছিল, সেই মামলায় তিন মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসে।








