ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থি-পিস জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এসব কাপড়ের বাজার মূল্য অনুমানিক পাঁচ কোটি টাকা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ভোলা সদরের খেয়াঘাটে অবস্থিত কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লেফটেন্যান্ট ওয়াসিম আকিল জাকির।
এই কর্মকর্তা জানান, বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ধাওয়া করলে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলারটিকে রেখে মাঝি ও ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৩৪৫টি বস্তাভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা শাড়ি ও কাপড় ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।








