নৌ পথে কুড়িগ্রাম জেলার সঙ্গে রৌমারী ও রাজিবপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ব্রহ্মপুত্র নদে জরুরি ভিত্তিতে ড্রেজিং করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের নদীভাঙন কবলিত দরিদ্র জনগণ স্বল্প খরচে নৌ-পথে জেলা শহরে যাতয়াত ও মালামাল পরিবহন করতে পারবেন। চিলমারী নৌ-বন্দরের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারীকে যুক্ত করা হবে।’
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলির আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, প্লাটিনাম জুবিলি প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী সভার আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।








