সারাদেশের মত পাবর্ত্য জেলা বান্দরবানেও বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) স্থানীয় রাজার মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বান্দরবান সদর উপজেলার ১০৮ প্রতিষ্ঠানের ১৯০৫০ শিক্ষার্থীর মাঝে ৭৯৫৫০টি নতুন বই বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যেও তাদের নিজ নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়। জেলার ৭টি উপজেলার চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রাক প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ৩১৯০২টি মাতৃভাষার বই বিতরণ করা হয়। এর মধ্যে মারমা শিশুদের ২৫৩৬৩টি, চাকমা শিশুদের ৩২৩৮টি এবং ত্রিপুরা শিশুদের ৩৩০১টি মাতৃভাষার পাঠ্যবই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে মাতৃভাষার বই পেয়ে খুশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অভিভাবকরা।
এছাড়া জেলার ৭টি উপজেলায় ৭৩০টি বিতরণযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক: প্রাথমিক, ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৮৮৭৩২ শিক্ষার্থীর মাঝে ৩৭১০০৭টি বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সেনা রিজিয়নের জিটুআই মেজর মো: ইফতেখার হোসেন পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।








