নোয়াখালীতে মাদ্রাসার চারতলা ভবনের জানালা দিয়ে রশি বেয়ে নেমে পালাতে গিয়ে আহত শিক্ষার্থী সাইফুল ইসলাম (১৬) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট ইসলামিয়া ও ফাতেমাতুজ্জোহরা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জহিরুল ইসলাম সাজিদের বাবা আবুল কাশেম গতকাল বাদী হয়ে মাদ্রাসার সুপারিনন্টেডেন্ট শহীদুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচ শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় পুলিশ মো. জামাল হোসেন (২৮) ও ফয়সাল আহম্মেদ (২৫) নামে দুই শিক্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে মাদ্রাসার চতুর্থতলা থেকে জানালায় রশি বেয়ে নিচে নামার চেষ্টা করে সাজিদ ও সাইফুল। এ সময় রশি ছিঁড়ে দুজনই নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আলমগীর হোসেন জানান, মামলার পর থেকে অধ্যক্ষ শহীদুল ইসলামসহ অন্য আসামিরা পলাতক রয়েছে।








