নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্রেতা সেজে সুমন (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে ওই মাদক পাচারকারীকে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে পাচারের উদ্দেশ্যে বহন করা পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক পাচারকারী সুমন বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে সাদা পোশাকে অভিযান চালানো হয়। ক্রেতা সেজে এক হাজার পিস ইয়াবা ক্রয় করে সুমনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে আরও চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান আরও জানান, সুমন পুলিশের তালিকাভুক্ত একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা সরবরাহ করতো। এই ইয়াবাগুলো স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এসেছিল। জিজ্ঞাসাবাদে সে এই বিষয়টি স্বীকার করেছে।
তিনি জানান, সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।








