ঝিনাইদহে ৫ পিবিআই কর্মকর্তার ওপর আসামিপক্ষের হামলার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ০১:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০২:৫৯

আহত পিবিআই কর্মকর্তা রিমান্ডে থাকা আসামির স্বীকারোক্তি অনুযায়ী আলামত সংগ্রহ করতে গিয়ে আসামিপক্ষের হামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমানকে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করা হয়েছে বলে পিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর পেয়ে কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পিবিআই সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। থানা পুলিশ এ ঘটনায় মুশফিকুর রহমান ডাবলু ও তার ভাই মুশতাক আহমেদ লাভলু নামে দুজনকে আটক করেছে।

আহতরা হচ্ছেন– মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন, এসআই হুমায়ুন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মো. জাফর, এএসআই আব্দুল খালেক। 

ঝিনাইদহ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩০ নভেম্বর কালীগঞ্জের আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাদ্রাসাছাত্র আল-আমিন নিখোঁজ হয়। ডিসেম্বরের ৪ তারিখে তার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআইকে। এ মামলায় পিবিআই কিছুদিন আগে কালীগঞ্জের আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান ডাবলুর ছেলে তারিক হাসান সাব্বির এবং আব্দুস সামাদ মিল্টনের ছেলে ইয়াসিন আরাফাত হৃদয়কে গ্রেফতার করে। তাদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকা সাব্বির হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং হত্যায় ব্যবহৃত চাকু এবং সে সময় যে মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ দেওয়া হয়েছিল সেটি তাদের বাড়িতে আছে বলে জানায়।

তিনি আরও জানান, এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল হোসেন বুধবার রাত ১০টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান ডাবলুর বাড়িতে আলামত উদ্ধারে যান। আলামত উদ্ধার করে গাড়িতে ওঠার সময় আসামি সাব্বিরের বাবা মুশফিকুর রহমান ডাবলু ও চাচা মুশতাক আহমেদ লাভলুর নেতৃত্বে ১২-১৩ জন ব্যক্তি পিবিআই সদস্যদের ওপর হামলা করে। সে সময় তারা এসআই সোহেলকে আটকে রেখে মারধর করে এবং হত্যাকাজে ব্যবহৃত আলামত ও মামলার ডকেট ছিনিয়ে নেয়। তারা আসামিকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে থানা থেকে পুলিশ গিয়ে পিবিআই সদস্যদের উদ্ধার করে। আহত পাঁচ কর্মকর্তার মধ্যে মামলার এসআই সোহেল ও এএসআই হাফিজুরের আঘাত গুরুতর হওয়ায় তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তবে অভিযোগ অস্বীকার করে আসামি সাব্বিরের চাচা কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ফোনে পালটা অভিযোগ করে বলেন, ‘পিবিআই সারাদিন পুকুর ছেকে কোনও অস্ত্র পায়নি। রাতে রান্নাঘরে এসে ছোট একটি চাকু হাতে দিয়ে ছবি তুলে নিয়ে যাচ্ছিল। এ সময় একজনকে ধরে রাখি। ’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান,  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানতে পারবেন।

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম