বর্তমান সরকারের আমলে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আজকে পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখে আক্ষেপ করে। তারা বাংলাদেশের উন্নয়ন দেখে তাদের দেশকে বাংলাদেশের মতো বানাতে চায়।’
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে দুস্থ শীতার্ত মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের দারিদ্র্য কমে গেছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন খেঁটে খাওয়া মানুষের খবর রাখে, দরিদ্র মেহনতি মানুষের কথা বলে। তাদের জন্য কাজ করে।’
এ সময় তথ্যমন্ত্রী জেলা সদরের দরিদ্র ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীসহ দলীয় নেতকর্মীরা উপস্থিত ছিলেন।







