নরসিংদীতে লোকালয়ে কৃষিজমিতে অনুমোদন না নিয়ে নির্মাণ করা ইটভাঁটা ভেঙে দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ জানুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খানের নেতৃত্বে মাধবদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহিষাশুরা ইউনিয়নের বালাপুর এলাকার স্টার ট্রেডিং করপোরেশন নামে ইটভাঁটার মালিক রফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করে নগদ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয়রা জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রত্যন্ত অঞ্চলে কৃষিজমিতে ভাঁটা তৈরি করে ব্যবসা চালিয়ে আসছিলেন রফিকুল। প্রশাসনের পক্ষ থেকে তাকে একাধিকবার নিষেধ করা হলেও তাতে কর্ণপাত না করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কৃষিজমিতে স্কুলের পাশে ভাঁটা নির্মাণ করে আশপাশের কৃষিজমির মাটি ব্যবহার করায় তাকে এই দণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








