নারায়ণগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাত আটটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে শহরের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে ট্রেনটি পৌঁছলে ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে জিআরপি পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, আমরা খবরটি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ কালিরবাজার রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বিষয়টি স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠিয়েছি। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ওই যুবকের দেহ ট্রেন লাইনে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পরিচয় এখনও জানা যায়নি। আমরা সদর থানা পুলিশ ও আমাদের ঊধর্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি নিহতের পরিচয় জানার চেষ্টা করছি।








