মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছাইল এলাকায় বাংলাদেশ, তাইওয়ান ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগের মাছের খাদ্য তৈরির কারখানা মেগা ফিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এতে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ফিশ ফিড কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা আড়াইটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি, ঘিওর ফায়ার স্টেশন থেকে দুটি ও শিবালয় ফায়ার স্টেশন থেকে দুটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’ আগুনের খবর শুনে শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ ঘটনাস্থলে ছুটে আসেন বলেও তিনি জানান।
এদিকে বেলা পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৪ সহকারী পরিচালক আনোয়ারুল হক। তিনি জানান, ‘কী কারণে আগুন লাগলো সেব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরে জানানো হবে।’
এদিকে মেগা ফিডের পরিচালক (অপারেশন) আহসানুজ্জামান জানান, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।








