সুন্দরবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ও আকাশ বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। মঙ্গলবার রাতে পূর্ব-বিভাগের শরনখোলা রেঞ্জের সুপতি স্টেশন সংলগ্ন জালিয়ার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জেলেদের সূত্রে পাওয়া খবরে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনী তিনটি নৌকায় করে জালিয়ার খাল এলাকায় এসে আকাশ বাহিনীর আস্তানা লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আকাশ বাহিনী পাল্টা গুলি করে । দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলাগুলি হয়। পরে আকাশ বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর বাহিনীর আক্রমণের মুখে টিকতে না পেরে পালিয়ে যায়।
গত ৩০ নভেম্বর পূর্ব সুন্দরবনের বিভিন্ন নদী-খালে মাছ ধরতে যাওয়া শরণখোলা উপজেলার ৩০ জেলেকে ২০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনের মধ্যে জিম্মি করে রাখে আবুল কাশেমের নেতৃত্বাধীন আকাশ বাহিনী। দুই দল বনদস্যুর বন্দুকযুদ্ধের মাঝে জিম্মি জেলেদের অবস্থা কী হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় অপহৃতদের পরিবার চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেকের পরিবার স্বজনদের উদ্ধার করতে মুক্তিপণের টাকা নিয়ে বনে যাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, জেলে অপহরণ ও বন্দুকযুদ্ধের বিষয়টি ডিএফও এবং কচিখালী কোস্টগার্ড কন্টিজেন্টকে জানানো হয়েছে।
/জেবি/







