অংকে ভুল করায় বরগুনার একটি কোচিং সেন্টারে তৃতীয় শ্রেণির ছাত্রী মালিহাকে পিটিয়ে আহত করায় অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলাম বাদলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার বিকেলে বরগুনা শহরের নাথপট্টি লেক এলাকা থেকে আটকের পর শনিবার সকাল সাড়ে ১১টায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বরগুনা সদর হাপাতাল সূত্রে জানা গেছে,গতকালের চেয়ে মালিহার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।
অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলাম বাদল বরগুনার রোডপাড়া শহীদ স্মৃতি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বরগুনার কলেজ রোডে বিজয় বৃত্তি কোচিং নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন।
এর আগেও শিক্ষার্থী নির্যাতনসহ প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন সময়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে আটক এবং তার কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছিল।
/জেবি/ এএইচ/








