স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বিএনপির জন্ম হয়েছে অগণতান্ত্রিকভাবে। তারা যতই দাঙ্গা হাঙ্গামা করুক নির্বাচন সময়মতো হবে। নির্বাচনে সমতা আছে বলেই বিএনপি ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে। সরকার চায় সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপি নির্বাচনে সন্ত্রাসী কার্যকলাপ করলে আমরা তার মোকাবেলা করবো। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যতই সন্ত্রাসী জড়ো করুক আমরা মোকাবেলা করতে প্রস্তুত।’
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জাতির জনকের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন এলজিইডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী সুশঙ্কর চন্দ্র আচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা।








