প্রথম দফায় আগুন লাগার এক সপ্তাহ পার না হতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকার ডেকোরেশন গলির ওই বস্তিতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ওই বস্তিতে আগুন লাগে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন। সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে গত ২৪ জানুয়ারি ওই বস্তিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ওইদিন অর্ধশতাধিক কাঁচা বসতঘর পুড়ে যায়।
ফায়ার স্টেশনের কর্মকর্তা ফরিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৪ গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।








