ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক্টরের ফলায় কাটা পড়ে প্রাণ গেল এক শিশুর। চাষের সময় ট্রাক্টর চালকের অসাবধানতায় এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নের কাচনপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম নুরনবী। সে ওই এলাকার রাসেল আলীর ছেলে।
জমির মালিক মাজহারুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে ট্রাক্টর চালক লাল মোহাম্মদ আমার জমিতে হালচাষ করছিলেন। জমির একপাশে দাঁড়িয়ে শিশু নুরনবী তা দেখছিল। চালক ট্রাক্টরের ফাল তুলে পেছনে না দেখে শিশুটিকে চাপা দিলে কাটা পড়ে নুরনবী। এতে পেট ও মাথা কেটে ঘটনাস্থলেই নুরনবী মারা যায়।’
ওসি জানান, এ ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পলাতক রয়েছে।








