বগুড়ার কাহালু স্টেশনে মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম (৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেলানী বেগম ও তার ছেলে রাজ বাবু স্টেশন এলাকায় পেয়ারা, বরইসহ বিভিন্ন খাবার বিক্রি করেন। লালমনিরহাট ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস সোমবার বেলা দেড়টার দিকে কাহালু স্টেশন অতিক্রম করছিল। এসময় রাজ বাবু লাইনের ওপর বসেছিলেন। মা ফেলানী বেগম টের পেয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন। তখন মা ও ছেলে দু’জনই ট্রেনে কাটা পড়ে মারা যান।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মা ও ছেলের বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেছেন, মানসিক ভারসাম্যহীন ছেলে রাজ বাবু ঝগড়া করে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরেজুল ইসলাম জানান, কারও কোনও আপত্তি না থাকায় মা ও ছেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








