ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার জানিয়েছেন, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা যদি সরে না দাঁড়ান, তাহলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ীভাবে তাদের বহিষ্কারের সুপারিশ করা হবে। শনিবার (১২ ডিসেম্বর) জেলা পরিষদ সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক। তিনি আশা করেন, রবিবার (১৩ ডিসেম্বর) প্রার্থিতা ফিরিয়ে নেওয়ার শেষ দিন বিদ্রোহীরা নৌকা প্রতীকের গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।
ময়মনসিংহের পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন—ফুলপুর পৌরসভার বর্তমান মেয়র মো. শাহজাহান, ঈশ্বরগঞ্জ পৌরসভার আব্দুস সাত্তার, গৌরীপুর পৌরসভার শফিকুল ইসলাম হবি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আবু কাউসার রন্টি, ত্রিশাল পৌরসভার বর্তমান মেয়র এ বি এম আনিসুজ্জামান, মুক্তাগাছা পৌরসভায় দেবাশীষ ঘোষ বাপ্পি।
/এইচকে/টিএন/
/আপ: আরএ/








