শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা ৬০৫ কার্টন সিগারেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- রাউজান উপজেলার পশ্চিম গুজরা গ্রামর মো. আলমগীর (৫৬), মো. রুবেল (৩০), সোহেল মিয়া (২২) ও মো. সুমন (২২) ও ফটিকছড়ি উপজেলার কাউসার উদ্দিন (২৪)।
মির্জা সায়েম মাহমুদ জানান, গ্রেফতার আলমগীর ও রুবেল মঙ্গলবার দুপুরে দুবাই থেকে বিমানে চট্টগ্রাম আসে। তাদের নিতে তিনটি প্রাইভেটকার নিয়ে অপর তিনজন বিমানবন্দরে যায়। প্রাইভেটকারে তারা রাউজানের নোয়াপাড়ায় যাওয়ার পথে পুলিশ তাদের আটক করে। পরে তাদের বহনকারী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইজিলাইট, মন্ড সুপার স্লিমস গ্রিন অ্যাপেল, মন্ড সুপার স্লিমস স্ট্রবেরি এবং থ্রি জিরো থ্রি ব্র্যান্ডের ৬০৫ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় ওই পাঁচজনের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় মামলা করা হয়েছে।
তিনি বলেন, ‘আসামিরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে দুবাই থেকে নিয়ম বহির্ভূতভাবে সিগারেট এনে বাজারজাত করে আসছে। গ্রেফতার আলমগীর ২০১৯ সালে সিগারেট নিয়ে ১৬ বার দুবাই থেকে চট্টগ্রামে আসা-যাওয়া করেছে।’








