মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসার সময় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মুজাফরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা এবং এক হাজার ২০০ পাউন্ড (যুক্তরাজ্যের মুদ্রা) উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার চার জন হলেন– চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে মো. নুর নবী (২৪), সন্দ্বীপ উপজেলার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. হাসমত কবির শাকিল (২১), নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল মান্নানের ছেলে মোজাম্মেল হক (৩০) ও চাটখিলের ইব্রাহিম খলিলের ছেলে জাহেদুল ইসলাম রাতুল (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মুজাফরাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় একটি এনজিও সংস্থার পোশাক পরা পনেরো থেকে বিশটি মোটরসাইকেলের একটি বহর আসার পথে তিনটি মোটরসাইকেল মোড় ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে দুটি মোটরসাইকেলে থাকা চারজনকে আটক করেন। তারা মোটরসাইকেল যোগে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছে। পালিয়ে যাওয়া তাদের তিন সহযোগীকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।’
তিনি আরও বলেন, ‘তাদের কাছে যুক্তরাজ্যের মুদ্রা কীভাবে আসলো আমরা সেটি খতিয়ে দেখছি। মাদক ব্যবসায়ীদের এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্র জড়িত কিনা আমরা তদন্ত করে দেখবো। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা দায়ের করা হবে।’








