বরিশালে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের ভার সইতে না পেরে একটি স্টিলের ব্রিজ ভেঙে পড়েছে। বন্ধ হয়েছে বরিশাল-বানারীপাড়া রুটের যান চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-বানীপাড়া সড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবাপশা এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, দ্রুত ব্রিজের মেরামত শুরু হলেও কাজ সম্পন্ন করতে তিন দিন সময় লাগবে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে পাথরবোঝাই ১০ চাকার একটি ট্রাক বরিশাল প্রান্ত থেকে বানারীপাড়া প্রান্তে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক ওই ব্রিজে উঠলে ব্রিজটি কাঁপতে শুরু করে। এক পর্যায়ে অপর প্রান্তের ট্রাকটি নিরাপদে উঠে গেলেও পাথরবোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। এরপর থেকেই বন্ধ রয়েছে ওই রুটের যান চলাচল। দুর্ভোগে পড়েছেন বরিশাল-বানারীপাড়া ও স্বরূপকাঠি রুটের যাত্রীরা।
তবে এসএসসি পরীক্ষার্থীদের ছোট নৌকায় করে পাড় করা হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথর বোঝাই করে ট্রাকটি পারাপারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
জানা যায়, ১৫ বছর আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ পাকা ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ওই সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়, যা দিয়ে এতোদিন গাড়ি চলাচল করছিলো।








