বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিইসি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়ার দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বিভাগের অনুমোদনের দাবিতে গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। পাশাপাশি ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেন ইতিহাস বিভাগসহ অন্য বিভাগের শিক্ষার্থীরা। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিভাগের অনুমোদনের দাবিতে তারা গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন।
এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এদিকে দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও ল্যাব পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছেন। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে কেবল তিন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বতর্মান শিক্ষার্থীদের অনুমোদন দিলেও ইতিহাস বিভাগের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
ওই দিন রাতেই এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শীত উপেক্ষা করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা ইউজিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি জানান, যেহেতু চলতি দায়িত্বে রয়েছেন তাই তার পক্ষে কিছুই করার নেই। নতুন কোনও ভিসি যোগদান করলেই কেবল বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে পারবেন। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেছেন ভারপ্রাপ্ত ভিসি।







