রাজশাহীতে চতুর্থ অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব ২০২০ এর উদ্বোধন হয়েছে। খ্যাতিমান ইতিহাসবিদ, নাট্যকার ও প্রত্নতত্ত্ববিদ অক্ষয়কুমার মৈত্রেয়-এর জন্মদিন উপলক্ষে এই উৎসবের আয়োজন করে রাজশাহী থিয়েটার।
সোমবার (২ মার্চ) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, ‘সাংস্কৃতিক ক্ষেত্রে রাজশাহীর অনেক ঐতিহ্য ছিল। মাঝে সংস্কৃতি চর্চা থেমে যায়। আমি দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর এই চর্চার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা হচ্ছে। আগামীতে দৃষ্টিনন্দন মঞ্চ, মিলনায়তন ও আর্ট গ্যালারি তৈরি করার পরিকল্পনা রয়েছে।’
সিটি মেয়র আরও বলেন, ‘রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের কাজ শুরু হলেই ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হবে।’
রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দিন ও কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন চতুর্থ অক্ষয়কুমার মৈত্রেয় উৎসব সমন্বয়কারী কামার উল্লাহ সরকার।
উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশিত যাত্রাপালা ‘পলাশী পুরাণ’ । আগামী ৮ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টায় এবং ৭টায় নাটক মঞ্চস্থ হবে। ৩ মার্চ পথিকৃৎ ও লালন, ৪ মার্চ একটি অবাস্তব গল্প ও নোলকজানের পালা, ৫ মার্চ নৃত্যনাট্য বিদায় অভিশাপ ও জিষ্ণু যারা, ৬ মার্চ পেজগী আপডেট ও খনা, ৭ মার্চ ইতি পত্রমিতা ও তৃতীয় একজন, ৮ মার্চ উৎসব সমাপনী ও বিনির্মিত বৃত্তে নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।








