কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার চন্দ্রখানা জকার হাট এলাকায় এই ঘটনা ঘটে। তবে এসময় চালক পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, গাঁজার একটি চালান ফুলবাড়ী থেকে কুড়িগ্রামের দিকে যাবে এমন তথ্যের ভিত্তিতে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ। পরে শুক্রবার বিকালে জকার হাট এলাকায় একটি প্রাইভেট কার আসতে দেখে গতিরোধ করে পুলিশ। এসময় চালক প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায়। পুলিশ প্রাইভেট কারের পেছনের তল্লাশি করে পলিথিন দিয়ে মোড়ানো ৬টি প্যাকেটে ৩৩ কেজি গাঁজা জব্দ করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নবিউল হাসান জানান, গাঁজাসহ প্রাইভেট কারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। প্রাইভেটকারটিতে যে নাম্বার ব্যবহার করা হয়েছে, সেটি সঠিক নয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।








