টাঙ্গাইলের চারটি উপজেলায় করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্য বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির দায়ে ৩১ ব্যবসায়ীকে দুই লাখ সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) সংশ্লিষ্ট ইউএনও এবং এসিল্যান্ডরা এ অভিযান পরিচালনা করেন।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘সদরের পার্ক বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজ, চাল, মুরগিরসহ অন্যান্য দ্রব্যাদির দাম বেশি রাখায় ১৩ জন ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
গোপালপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ জন পেঁয়াজ ও চাল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
কালিহাতীতে চার জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান এ অভিযান পরিচালনা করেন।
বাসাইলে ৯ জন ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বাসাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন।
আশরাফুন নাহার বলেন, ‘জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৯জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।’








