করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের উৎসাহ দিতে উপহার হিসেবে বাসায় ফল পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। সোমবার (২৩ মার্চ) প্রথম দিন নগরীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ৮০টি বাসায় পাঠানো হয়েছে এই উপহার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) মাহবুবুর রহমানের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক।
আবু বক্কর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, বিদেশফেরত প্রবাসী নাগরিক যাদের কোয়ারেন্টিনে হোমে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তাদের মানসিকভাবে চাঙ্গা রাখতে। এছাড়া তারা যাতে মনোবল শক্ত রেখে নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে হোম কোয়ারেন্টিন নিয়ম মেনে চলেন সেজন্যই এই উদ্যোগ নিয়েছে সিএমপি। কমিশনার মহোদয়ের নির্দেশে ভিটামিন-সি সমৃদ্ধ ফলের ঝুড়ি নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের বাসায় যাচ্ছেন পুলিশ সদস্যরা।’
তিনি আরও বলেন, ‘নগরীর ১৬টি থানার অধীনে হোম কোয়ারেন্টিনে থাকা মোট ৮০ জনের বাসায় ভিটামিন-সি সমৃদ্ধ কমলা ও মোসাব্বি পাঠানো হয়েছে। উপহার সামগ্রী পৌঁছে দিয়ে এসব প্রবাসীদের হোম কোয়ারেন্টিন মেনে চলার পরামর্শ দেন পুলিশ সদস্যরা। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা অন্য প্রবাসীদের বিষয়ে তাদের কাছ থেকে খোঁজ নিচ্ছেন। যারা বিদেশ থেকে এসেছেন তারা সবাই পুলিশের নজরে রয়েছেন– এটি বোঝাতেই সিএমপি এই উদ্যোগ নিয়েছে। যাতে তারা হোম কোয়ারেন্টিন ঠিক মতো পালন করেন।’








