করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ভিসা বন্ধের পর এবার দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশেরসহ বিশ্বের সব দেশের নাগরিক গ্রহণ বন্ধ করেছে ভারত। তবে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফেরত আসার সুযোগ করে দেবে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার (২৩ মার্চ) হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৩ মার্চ ভারত সব ধরনের যাত্রী পারাপার বন্ধের ঘোষণা দেয়। এরফলে ১৪ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুধু দু'দেশের ভেতরে আটকে থাকা যাত্রী পারাপার চলছিল। সোমবার বিকাল সাড়ে ৪টায় ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন এ মুহূর্ত থেকে চেকপোস্ট দিয়ে ভারতীয় নাগরিকসহ বিশ্বের কোনও দেশের নাগরিককে আর গ্রহণ করা হবে না। এমনকি বিভিন্ন কাজে গত ১৩ মার্চের আগে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকদেরও তারা আর গ্রহণ করবে না বলে জানিয়েছে।
তবে ভারতের অভ্যন্তরে যেসব বাংলাদেশি নাগরিক আটকা পড়েছে তাদের দেশে ফেরার সুযোগ করে দেবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।








