করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছিটিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে দামপাড়া পুলিশ লাইনসে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান।
উদ্বোধনের পর জীবাণুনাশক ছিটানোর ওয়াটার ক্যান থেকে নগরীর দামপাড়া পুলিশ লাইনস, পুনাক মোড়, ওয়াসার মোড়সহ আশপাশের এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়।
এ সময় সিএমপি কমিশনার নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে এবং বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ জানান। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








