ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগরে মারা যাওয়া নারী-পুরুষ করোনা পজিটিভ পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ্ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ এপ্রিল ভোরে ৩০ বছর বয়সী ওই নারী জ্বর ও সর্দি কাশি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ের রাণীখার গ্রামে মারা যান। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই নারী ও তার স্বামী নারায়ণগঞ্জে থাকতেন। সম্প্রতি রাণীখার গ্রামে আসার পর থেকেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। কিন্তু তিনি ভয়ে নিজের অসুস্থতার কথা কাউকে জানাননি। পরে গত ৯ এপ্রিল তিনি মারা যান।
এছাড়া গত ৭ এপ্রিল রাতে জেলার নাসিরনগর উপজেলায় শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা.মো. একরাম উল্লাহ্।
নাসিরনগরের সেই প্রবাসীর মৃত্যুর পর করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনেও ছিলেন। ৩৫ বছর বয়সী ওই প্রবাসী কোয়ারেন্টিনে থাকাকালে শারীরিক কোনও সমস্যা বোধ করেননি। পরে ৪ এপ্রিল তিনি অসুস্থ বোধ করলে তার কিছু পরীক্ষা করা হয়। এতে তার টাইফয়েড ধরা পড়ে। এরপর ৭ এপ্রিল তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। এ ঘটনায় ওই প্রবাসীর নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।
এদিকে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় হোমকোয়ারেন্টাইনে আছেন ৪২৪ ব্যক্তি। প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টাইনে আছেন ১৮ জন, আইসোলেশনে আছেন ৬ জন, করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন এবং জেলায় এখন পর্যন্ত মারা গেছেন মোট তিন জন।








