করোনা সংক্রমণ রোধে সুনামগঞ্জ জেলাকে লকডাউন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় লকডাউনের ঘোষণা দেন তিনি। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসক বলেন, ‘ইতোমধ্যে সিলেট ও হবিগঞ্জ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। সুনামগঞ্জেও আজ একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাই জেলা কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্তে সংক্রমণ প্রতিরোধ আইনের ১১-এর ১, ২ ও ৩ ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। এ জেলায় নৌ ও সড়কপথে কেউ প্রবেশ বা প্রস্থান করতে পারবেন না। আন্ত-উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধ প্রযোজ্য হবে। সব ধরনের গণপরিবহন, গণসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, কৃষিপণ্য পরিবহন এবং কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি লকডাউনের আওতামুক্ত থাকবে। রবিবার বিকাল ৫টা থেকে লকডাউন কার্যকর হবে।’ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন চলবে বলে জানান তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামছ উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখতসহ জেলা প্রশাসন, সামরিক বাহিনী ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








