করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক ৮শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৯-২০২০ অর্থবছরে উফশী আউশ ধান প্রণোদনা প্রদান কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়।
রবিবার বিকালে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ৩শ’ এবং বীরগঞ্জে ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বীজ ও সার বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং পাঁচ কেজি ধান বীজ দেওয়া হয়।
সার ও বীজ বিতরণকালে এমপি গোপাল বলেন, ‘করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। বাড়ির আশপাশে একটি জায়গাও ফাঁকা রাখা যাবে না। খালি জায়গায় তরিতরকারি, ফলফলাদির গাছ লাগাতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন– কাহরোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক ও বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা।
এর আগে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং চিকিৎসকদের সঙ্গে করোনাভাইরাসের বিষয়ে করণীয় সম্পর্কে পরামর্শ করেন মনোরঞ্জন শীল গোপাল। এ সময় তিনি উপজেলার একজনও যেন বিনা চিকিৎসায় ফিরে না যায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখার আহ্বান জানান।







