কিশোরগঞ্জে দুই চিকিৎসকসহ চার জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫। তাদের মধ্যে মারা গেছেন একজন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক। অপর দুজন পাকুন্দিয়া ও ভৈরব উপজেলার।
এর আগে, করিমগঞ্জের মুসলিম পাড়ায় করোনায় মারা যান ঢাকা ফেরত এক ব্যবসায়ী মারা যান এবং আক্রান্ত হন তার স্ত্রী, মা ও ভাই। এছাড়া হোসেনপুরে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে, কিশোরগঞ্জ শহরের আলোর মেলা এলাকার একজন চিকিৎসক, বত্রিশ জেলা সরণি মোড় এলাকায় একজন বয়স্ক নারী, ভৈরবে কর্মরত একজন পুলিশ সদস্য, ইটনা উপজেলার পাগলসী গ্রামের একজন নারী, একই উপজেলার বেতেগা গ্রামের একজন ইউনিয়ন পরিষদ সদস্য, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামের একজন কৃষকের নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে।
করোনা ভাইরাস সংক্রমণের শিকার ১৫ জনের মধ্যে ৬ জনই করিমগঞ্জ উপজেলার।








