১২ দিন ধরে নদীর মধ্যে নারী, ভারত বা বাংলাদেশে পুনর্বাসনের দাবি

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
১৪ এপ্রিল ২০২০, ১৭:২৩আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৮:১৭

১২ দিন ধরে নদীর মধ্যে নারী, ভারত বা বাংলাদেশে পুনর্বাসনের দাবি

গত ১২ দিন ধরে খাগড়াছড়ির ফেনী নদীর মধ্যবর্তী ভারত-বাংলাদেশের শূন্যরেখায় (নোম্যানস ল্যান্ডে) একজন মানসিক ভারসাম্যহীন নারী অবস্থান করছেন। বাংলাদেশ সংলগ্ন স্থানীয় গ্রামবাসীর অনেকেই তাকে খাবার পৌঁছে দিচ্ছেন সেখানে। তাই কোনোমতে প্রাণে বেঁচে আছেন তিনি। তবে যে কোনও সময় বৃষ্টি বা ঢল নামলে ওই নারী ভেসে যাবেন বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে এই বিষয়ে সংবাদ প্রকাশের পর তাকে পুনর্বাসনের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুইচিংথুই মারমা বলেন, ‘ভারসাম্যহীন নারীটি কোন দেশের সেটা বড় কথা নয়, তিনি একজন মানুষ। তার মানবাধিকার আছে। মানবাধিকার আইন অনুযায়ী তিনি ফেনী নদীর চরে আটকা থাকতে পারেন না। বর্ষা মৌসুম আগত, যেকোনও মুহূর্তে ঝড়-বাদল হতে পারে। পাহাড়ি ঢলে মারা যেতে পারেন তিনি।’ অবিলম্বে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সুদর্শন দত্ত বলেন, ‘১২ দিন ধরে নদীর মাঝখানের নোম্যানস ল্যান্ডে কোনও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া নারীর অবস্থান সত্যিই অমানবিক। তিনি দিনের রোদে পুড়ছেন, বৃষ্টিতে ভিজছেন।’ দ্রুত ওই নারীর পরিচয় নিশ্চিতের দাবি জানানোর পাশাপাশি তার পুনর্বাসন দাবি করেন তিনি।

রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কারবারী বলেন, ‘বর্তমানে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত মানসিক ভারসাম্যহীন এই নারী নিজ মুখে একবার বলেছেন তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম থানার দোলবাড়ি এলাকায়, আরেকবার বলেছেন হরিণা এলাকায়। তাছাড়া তার কথাবার্তা, পোশাক-পরিচ্ছদে ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিল রয়েছে। তারপরও তাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হচ্ছে কেন, তা বোধগম্য নয়।’ দ্রুত তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘বিষয়টি সত্যিই অমানবিক। ঠিকানা বলতে না পারার কারণে নিজ দেশে বা বাড়িতে ফিরতে না পারা বা অমানবিক অবস্থায় নোম্যানস ল্যান্ডে অবস্থান করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল মো. তারিকুল হাকিম বলেন, ‘মানসিক ভারসাম্যহীন নারীর বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশ সেক্টর কমান্ডার পর্যায়ে একটি বৈঠক হয়েছে। কিন্তু তিনি নাম ঠিকানা বলতে পারেননি বলে ভারত তাকে ফেরত নেয়নি। বাংলাদেশ বর্ডার গার্ড মহিলাটিকে নিয়ে সন্ধান বিজ্ঞপ্তি, সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়েছে। কিন্তু বাংলাদেশের কেউ এখনও তাকে শনাক্ত করেনি।’ এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২ এপ্রিল খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম মহকুমাধীন এলাকা থেকে এক ভারতীয় মানসিক ভারসাম্যহীন নারীকে ফেনী নদী অতিক্রম করিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি বাধা দেয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে বিপাকে পড়েন ওই নারী। এরপর ১২ দিন ধরে ফেনী নদীর মাঝখানের শুকনো স্থানে তথা বাংলাদেশ-ভারত সীমান্তের নোম্যানস ল্যান্ডে অবস্থান করছেন তিনি। তাকে নিয়মিত খাবার দিয়ে সহায়তা করছে সীমান্তবর্তী উপজেলা রামগড়ের কয়েকজন যুবক। সীমান্তবাসীরা বলছেন, ভারতের বিএসএফ ও ভারতীয় কিছু লোক ওই নারীকে পিটিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে।

এ সংক্রান্ত সংবাদ: ফেনী নদীর নোম্যানস ল্যান্ডে কে এই মানসিক ভারসাম্যহীন নারী

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম