তথ্য গোপন করে গাজীপুরের শ্রীপুর থেকে আসা করোনা ভাইরাসে আক্রান্ত এক গার্মেন্টস কর্মী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিষয়টি জানার পর ওই রোগী যে ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ডের ৬ চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ মোট ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের দুই নাম্বার ইউনিটের প্রধান ডাক্তার খোরশেদ আলম। তিনি বলেন, গাজীপুর জেলার শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা এক গার্মেন্টসকর্মী পালিয়ে এসে তথ্য গোপন করে গত রবিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। ভর্তি হওয়া ওই ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই ওয়ার্ডের ৩ শিফটের ৬ জন চিকিৎসকসহ নার্স ও অন্যান্য কর্মচারী মিলিয়ে ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে। এছাড়া ১৪ নাম্বার ওয়ার্ডের ভর্তি থাকা ১২ রোগীকে আইসোলেশন পাঠানো হয়েছে।
ডাক্তার খোরশেদ আরও জানান, ১৪ নাম্বার মেডিসিন ওয়ার্ডকে লকডাউন করা হয়েছে।








