নীলফামারীতে আরও দুই ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছালো ছয় জনে। সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে জানা যায়, শনাক্ত হওয়া একজনের বাড়ি জেলা সদরের টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছি ঠাকুরপাড়া গ্রামে। অপরজনে বাড়ি জেলার ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামে।
সদরের আক্রান্ত কিশোর (১৫) কুমিল্লার ইটভাটার শ্রমিক। সেখান থেকে গত ৯ এপ্রিল বাড়িতে এসে জ্বর-সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসার জন্য আসে। কর্তব্যরত চিকিৎসক করোনা সন্দেহে তাকে আইসোলেশনে নিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
অপরদিকে, ডিমলায় আক্রান্ত যুবক (২৪) লেখাপড়ার জন্য ঢাকায় অবস্থান করছিল। সেখান থেকে গত মার্চ মাসের শেষের দিকে বাড়িতে এসে জ্বর-সর্দি কাশিতে আক্রান্ত হয়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগে জানানো হলে ১১ এপ্রিল তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরে একজন যুবক এবং গত ১১ এপ্রিল ডিমলা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী, ১৩ এপ্রিল জলঢাকা উপজেলায় এক কলেজ ছাত্রের করোনা শনাক্ত হয়। তারা সকলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসেন।
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, ‘নতুন করে আক্রান্ত দুই জনের মধ্যে ইতোমধ্যে জেলা সদরের একজনকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ডিমলায় আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়ার কাজ চলছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তি ও বাড়ি চিহ্নিতকরণ চলছে।’








