করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে অবশেষে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ৯২টি পরীক্ষা করে পার্বতীপুর পৌর শহরের নয়াপাড়া কালীবাড়ির এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি কিছুদিন আগে ঢাকা থেকে পার্বতীপুরে আসেন।








