করোনাভাইরাসে আক্রান্ত যাত্রী পরিবহনের অভিযোগ তুলে সিরাজগঞ্জের যমুনা নদীতে বৃহস্পতিবার বিকালে একটি নৌকায় অগ্নিসংযোগ করা হয়েছে। বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহর রক্ষা বাঁধের পাশে যমুনার পাড়ের বাঁশঘাটে এ ঘটনা ঘটে।
জামালপুরের তারাকান্দি থেকে যাত্রী বহনকারী ওই নৌকায় প্রকাশ্যে দিবালোকে আগুন দেওয়া হয়। নৌকার মাঝি জামালপুরের সরিষাবাড়ির পিকনা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া। তিনি জানান, ’সন্দেহভাজন করোনা আক্রান্ত যাত্রী পরিবহনের অভিযোগ তুলে কিছু লোক আমার নৌকায় আগুন দেয়। আগুনে ইঞ্জিন ও ছইসহ অনেকটা অংশ পুড়ে যায়। প্রতিবাদ করায় আমাকে মারপিটসহ মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা আগুন নেভায়। ভয়ে এ বিষয়ে থানায় অভিযোগ করিনি।’
সদর থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ’যমুনা চরাঞ্চলে লকডাউনের মধ্যে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে নদী পাড়ের বিক্ষুব্ধ লোকজন নৌকায় আগুন দেয় বলে পরস্পর শুনেছি। কেউই থানায় অভিযোগ করেনি।’







