মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিল হাইল হাওরে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) ভোররাতে বজ্রাঘাতের এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি মৎস্যজীবী। তার নাম সাজিদ মিয়া (৩০)।
শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো.আব্দুস ছোবহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজিদ উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের সাবির মিয়ার ছেলে।
আহত নূরে আলম (২৭), শাহিদ মিয়া (২৬) ও ওয়াসিম মিয়াকে (২৪) মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে নূরে আলমের অবস্থা অবনতি হলে সকাল সাড়ে আটটায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে চিকিৎসক।
ইউপি সদস্য ছোবহান জানান, শনিবার দিবাগত রাতে বরুণা গ্রামের বাইক্কাবিল হাওরে মাছ ধরতে যায় ১০/১২জন মৎস্যজীবী। রাত সাড়ে ৩টার দিকে বজ্রাঘাতে সাজিদ, নূরে আলম, শাহিদ, ওয়াসিম আহত হলে সঙ্গে থাকা লোকজন তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
এরমধ্যে সাজিদ মিয়া ঘটনাস্থলে মারা যান বলে জানান ইউপি সদস্য ছোবহান মিয়া।








