সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নে মুখ চিনে চিনে ত্রাণ দেওয়ার প্রতিবাদে এবং চেয়ারম্যানের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকার কয়েকশ’ কর্মহীন ও ভাঙন কবলিত মানুষজন। রবিবার (১৯ এপ্রিল) সকালে বালসাবাড়ি বাজারে ঢাকা-নগরবাড়ী মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করেন তারা।
খবর পেয়ে ওসি ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার জানান, এলাকাটি জামায়াত অধ্যুষিত। ইউপি চেয়ারম্যানের সমন্বয়হীনতার পাশাপাশি নেপথ্যে জামায়াত-শিবিরের ইন্ধন থাকতে পারে। ৪৮ ঘণ্টার মধ্যে বঞ্চিতদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
উল্লাপাড়া থানার নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, সবাইকে নিয়েই তালিকা তৈরি করা হয়েছে। চেয়ারম্যান একা তালিকা তৈরি করেননি। এলাকার জামায়াত-বিএনপির কতিপয় লোকজনের ইন্ধনে অবরোধ নাটক/শোডাউন হতে পারে। বিষয়টি পুলিশও তদন্ত করে দেখছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহামুদ বলেন, এর আগে উল্লাপাড়ায় ২০২ মেট্রিক টন সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মহাসড়ক অবরোধ ঘটনার বিষয়টি শুনে সেখানে রবিবার দুপুরে আরও ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্গানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার আলী দাবি করেন, এখানে কিছু তাঁত শ্রমিক ছাড়াও নদীভাঙন কবলিত মানুষ অন্যস্থান থেকে এসে আশ্রয় নিয়েছে। সবাইকে আমরা চিনি না। এদেরকে পুঁজি করে বিএনপি-জামায়াতের চক্র সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষতিগ্রস্তদের উস্কে রাস্তায় নামিয়েছে।
এদিকে, চাল আত্মসাৎ ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আল-আমিন চৌধুরী এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আছিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।








