জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলসের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা তিন মাসের বকেয়া বেতন-ভাতা ও আখচাষীদের মূল্য পরিশোধের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার হাতে এ স্মারকলিপি তুলে দেন প্রতিষ্ঠানটির ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি লিচু মিয়া ও সাধারণ সম্পাদক রায়হানুল হক।
স্মারকলিপিতে বলা হয়, জিল বাংলা সুগার মিলসের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা চলতি অর্থ বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত তিন মাস বেতন পাননি। চিনি কলের সঙ্গে সম্পৃক্ত আখচাষিরাও সঠিক সময় সার-কিটনাশক ও পাওনা টাকা পাচ্ছেন না। এছাড়া অবসরে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারাও তাদের প্রাপ্য গ্র্যাচ্যুইটির টাকা না পেয়ে অনাহারে জীবন যাপন করছেন।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বকেয়া পরিশোধের জোর দাবি জানান তারা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী জানান, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে মিলের চিনি বিক্রি করতে না পারায় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে সব ধরনের বকেয়া পরিশোধ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান. জিল বাংলা সুগার মিলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বকেয়া বেতন-ভাতা ও আখচাষিদের মূল্য পরিশোধের জন্য প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।








