করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২১ চিকিৎসকসহ ৪২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয় জন চিকিৎসক ও ১৫ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। বাকিদের মধ্যে ১২ জন নার্স ও ৯ জন সহায়ক কর্মী (আয়া-পরিছন্নতাকর্মী) রয়েছেন। এদের মধ্যে ছয় চিকিৎসককে পর্যটন মোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বাকিরা প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে থাকবেন। প্রথমে ৪০ জনের তালিকা করা হলেও পরে দুই জন বাড়ানো হয়।
চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি বলেন, যাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে তারা জরুরি বিভাগ, রেডিওলোজি বিভাগ, ৪২ ও ৩৯ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। আগামী দুই দিনের মধ্যে সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
তিনি আরও বলেন, মঙ্গলবার দিনভর তাদের চিহ্নিত করা হয়। সন্ধ্যায় তাদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ওই ওয়ার্ডে কোনও রোগী প্রবেশ ও বের হতে পারবে না।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ৮০ বছর বয়সের ওই রোগী গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাকে ৪২ ও পরে ৩৯ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। পরের দিন তার এক্স-রে করার পর করোনার লক্ষণ পাওয়া গেলে তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পাওয়া যায়।








