করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভারতসহ বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বগুড়া সরকারি আজিজুল হক উচ্চ মাধ্যমিক ভবনে ২৫০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৬ ক্লাসরুম থেকে আসবাবপত্র সরিয়ে বেড বসানোর কাজ চলছে। বিভিন্ন দেশ থেকে তাদের ফিরিয়ে আনার পর এখানে রাখা হবে।
বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, সরকার ভারতসহ বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তাদের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বগুড়া জেলা প্রশাসনকে ৩০০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে বগুড়ার প্রবাসীদের জন্য সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনে আপাতত ২৫০ শয্যার কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনে শয্যার সংখ্যা বৃদ্ধি করা হবে।
সিভিল সার্জন আরও জানান, প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন উদ্বোধনের নির্দিষ্ট কোন তারিখ ঠিক হয়নি। প্রস্তুতি শেষে বিদেশ থেকে ফেরা বগুড়াবাসীদের এখানে রাখা হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারটি জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে তত্ত্বাবধান করবে। প্রবাসীদের ফিরিয়ে আনা শুরু হলে কোয়ারেন্টিন উদ্বোধন হবে। সেখানে থাকা মেডিক্যাল টিম কোন প্রবাসীর শরীরে করোনা উপসর্গ পেলে তাকে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে পাঠাবে। ভর্তির পর তার শরীর থেকে সংগ্রহ করা নমুনা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাংবাদিকদের জানান, কলেজের নতুন বিল্ডিংয়ের ১০টিসহ মোট ১৬ কক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেড স্থাপনের কাজ চলছে। বেসরকারি সংস্থা টিএমএসএস কোয়ারেন্টিন সেন্টারের জন্য বেড সরবরাহ করছে। এখানে থাকা প্রবাসীদের কলেজ হোস্টেল কেন্টিনে খাবারের ব্যবস্থা করা হবে।








