শরীয়তপুরে নতুন করে আরও তিন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজনের বাড়ি ডামুড্যা উপজেলায়। অপর জনের বাড়ি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে। এ নিয়ে জেলায় মোট ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার নতুন এই তিন জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আগের আক্রান্ত সাত জনের সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন। নতুন আক্রান্ত তিন জনের দুজন আগে আক্রান্ত এক ব্যক্তির আত্মীয়। ওই ব্যক্তির সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১০৮ জন ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১০টি পজিটিভ এবং বাকি ৯৮টি নেগেটিভ রিপোর্ট এসেছে।
আক্রান্ত ১০ জনের মধ্যে সদর উপজেলার তিন জন, জাজিরার তিন জন, ডামুড্যার তিন জন এবং নড়িয়ার একজন রয়েছেন।
ডা. আব্দুর রশীদ বলেন, ‘নতুন তিন রোগীর সংস্পর্শে কারা এসেছিলেন, তারা কোথায় কোথায় গিয়েছিলেন, সব খোঁজ নেওয়া হচ্ছে। তাদের থেকে আক্রান্ত হতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’








