করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুড়িগ্রাম জেলা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে। এসময় আন্তঃজেলা যোগাযোগ বন্ধ থাকার পাশাপাশি জেলার সঙ্গে সব উপজেলার সড়ক, নৌ ও আকাশ পথের যোগাযোগ বন্ধ থাকবে। ফলে কুড়িগ্রাম থেকে কেউ বের হতে পারবেন না এবং প্রবেশও করতে পারবেন না।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. রেজাউল করিম লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে কুড়িগ্রাম জেলাকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ তথা লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ কুড়িগ্রাম জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনও জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বহাল থাকবে। একই সঙ্গে সব ধরণের জনসমাগমও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে জরুরি সেবা, চিকিৎসা ও খাদ্যপণ্য এই আওতার বাইরে থাকবে। এছাড়াও সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিসেবা এর আওতার বাইরে থাকবে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ২২ এপ্রিল পর্যন্ত জেলায় ৪ ব্যক্তি করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন।








