দিনাজপুরের নবাবগঞ্জে করোনাভাইরাসের প্রভাব ও লকডাউনের কারণে সবকিছু বন্ধ থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া গরিব ও অসহায় দিনমজুর মানুষজন। এরমধ্যে শুরু হচ্ছে রমজান মাস এমন অবস্থায় অসহায় মানুষের খাদ্যের কথা বিবেচনা করে সম্পূর্ন বিনামূল্যে 'মানবতার দোকান' নামে কাঁচাপণ্যের দোকান খুলেছেন ছাত্রলীগ নেতকর্মীরা। রমজানের পুরো মাসজুড়ে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নবাবগঞ্জ উপজেলা শহরের রামপুর বাজারে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ‘মানবতার দোকান’ নামের এই দোকানটি উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের সার্বিক দিক নির্দেশনায় এটির আয়োজন করে ছাত্রলীগ। এসময় সেখানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'নবাবগঞ্জ উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে করে শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। তাই এসব গরিব অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে ও মানবতার দোকান চালু করা হয়েছে।'








